ঈদযাত্রায় বুড়িগঙ্গায় ডুবে ভাইবোনের মৃত্যু
ঈদে ঘরমুখো যাত্রীর চাপে সদরঘাটের একটি পন্টুনের রেলিং ভেঙে ভাইবোন নদীতে পড়ে মারা গেছে।
মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়ার তিন ঘণ্টা পর বোনের এবং সন্ধ্যায় ভাইয়ের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
এরা হলো শরিয়তপুরের নীলফামারী এলাকার সুমনের ছেলে সাকিব (৬) ও মেয়ে সুমাইয়া (৩)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম জানান, ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে মিরপুর থেকে সদরঘাটে আসে ওই পরিবার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীদের চাপে ৯ নম্বর পন্টুনের রেলিং ভেঙে কয়েকজন যাত্রীসহ ওই দুই শিশু বুড়িগঙ্গায় পড়ে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু তলিয়ে যায়।
“ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বেলা ১১টার দিকে সুমাইয়ার লাশ পান তারা। এরপর সন্ধ্যা ৬টার দিকে সাকিবের লাশও পাওয়া যায়।”
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত ছাড়াই দুপুরে মেয়ের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাকিবের লাশও ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
