২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরাইয়ার ঈদ

মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার বছর পূর্তির মাসেই ঈদ পালন করবে মাগুরার আলোচিত শিশু সুরাইয়া।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 08:26 PM

Updated : 11 Oct 2022, 08:27 PM

পুরনো খবর:

সুরাইয়ার প্রথম ঈদ
বাড়ি ফিরে প্রিয়জনের আলিঙ্গনে সুরাইয়া
এক চোখ নষ্ট হয়ে গেছে সেই সুরাইয়ার

আগামী ২৩ জুলাই তার এক বছর বয়স পূর্ণ হবে। গতবছর ওই দিনেই মাতৃগর্ভে তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

একইদিন অপারেশনের মাধ্যমে তাকে ভূমিষ্ঠ করানো হয়। পরবর্তীতে সুরাইয়া সুস্থ হয়ে উঠলেও তার গুলিবিদ্ধ ডান চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকায় সুরাইয়ার বাড়ি গিয়ে দেখা গেছে, বাবা-মা ও স্বজনদের সঙ্গে ভালোই আছে সুরাইয়া। অন্য দশটি সুস্থ শিশুর মতো হাসছে-কাঁদছে, আবার কখনও হাত-পা নেড়ে খেলছে। ঈদে পেয়েছে নতুন কাপড়।

সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, মাতৃগর্ভে সাড়ে সাত মাসের সময় গুলিবিদ্ধ হয় সুরাইয়া। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে মা-মেয়েকে বাঁচান। ওই সময় মাগুরার পুলিশ সুপার ও জেলা প্রশাসক সাহায্যর হাত বাড়ান। পরবর্তীতে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলেন।

“সুরাইয়ার গুলিবিদ্ধ ডান চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ওই চোখ দিয়ে সে কখনও দেখতে পাবে না বলে চিকিৎসকরা বলেছেন। তবে বাম চোখটি ভালো রাখার জন্য নিয়মিত চিকিৎসা করাতে হবে।”

বাম চোখের চিকিৎসার জন্য তিন মাস পর পর ঢাকায় নেওয়ার কথা থাকলেও অর্থভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানান নাজমা বেগম।

তার চা দোকানি স্বামীর সামান্য আয়ে পরিবারের সদস্যদের ‘খেয়ে না খেয়ে’ দিন কাঠছে। তাই নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

Image
ঈদের নতুন জামা গায়ে মা-বাবার সঙ্গে শিশু সুরাইয়া

ঈদের নতুন জামা গায়ে মা-বাবার সঙ্গে শিশু সুরাইয়া

সুরাইয়া যাতে লেখাপড়া করে বড় হতে পারে সেজন্য তার মা নাজমা বেগম সরকারের সহায়তা চেয়েছেন।

সুরাইয়ার বাবা বাচ্চু ভূইয়া বলেন, কিছুদিন আগে তিনি সুরাইয়াকে ঢাকায় নিয়ে চোখের চিকিৎসা করিয়েছেন। ঢাকার ডাক্তাররা বিনে পয়সায় তার চিকিৎসা করছেন।

কিন্তু পাঁচ সদস্যর সংসারের খরচ দিয়ে স্ত্রীসহ সুরাইয়াকে নিয়মিত ঢাকায় নিয়ে যাওয়া তার হয়ে ওঠে না বলে জানান।

ঈদে সুরাইয়ার জন্য তার মা নাজমা বেগম একটি নতুন জামা কিনেছেন বলে জানান বাচ্চু।

গত বছর ২৩ জুলাই শহরের দোয়ার পাড়ে মাদক ব্যবসা, চাঁদাবাজির  আধিপত্য বিস্তার নিয়ে সুরাইয়ার চাচা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূইয়ার সঙ্গে তারই সেকেন্ড ইন কমান্ড আলী আকবরের গ্রুপের সাথে সংঘর্ষ হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে নিহত হন মমিন ভূইয়া নামে এক ব্যক্তি। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন গৃহবধূ নাজমা বেগম।

ঘটনার তিন দিন পর ২৬ জুলাই নিহতের ছেলে রুবেল ভূইয়া বাদী হয়ে মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন।

আসামীদের মধ্যে মেহেদী হাসান আজিবর ওই বছরের ১৮ অগাস্ট পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শ মাগুরা ডিবি ওসি ইমাউল হক ৩০ নভেম্বর ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আসামিদের মধ্যে মুজিবর রহমান পলাতক রয়েছে। আলী অকবর, লিটন মল্লিক, তৈয়বুর রহমান তোতা ও আয়নাল শেখ জেল হাজতে রয়েছেন। অন্যরা সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন।