২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরাইয়ার প্রথম ঈদ

মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে দেশব্যাপী আলোচনায় আসা সুরাইয়ার প্রথম ঈদ হচ্ছে মাগুরা নিজ বাড়িতে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

তাকে নিয়ে পরিবারের সদস্যদের এবারের ঈদে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

এদিকে, সকালে মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ সস্ত্রীক তাদের বাড়ি গিয়ে উপহার দিয়ে এসেছেন বলে জানান পরিবারের সদস্যরা।

সকালে সুরাইয়াদের বাড়ি গিয়ে দেখা যায়, সাজগোজ করে ঈদের নতুন পোশাক পরে সুরাইয়া বাবা-মা ও বড় বোনের কোলে চড়ে ঘুরে বেড়াচেছ।

সবাই তাকে আদর করছে। শুভ কামনা করছে তার জন্য।

সুরাইয়ার বাবা বাচ্চু ভুঁইয়া ও মা নাজমা বেগম জানান, তারা ভাবতে পারেননি সুরাইয়া তাদের বুক আলো করে বেঁচে থাকবে। দেশবাসীর দোয়া ও সকলের সহযোগিতায় সুস্থ্ হয়ে উঠেছে সুরাইয়া।

গত ২৩ সেপ্টম্বর ২ মাস বয়স পূর্ণ হওয়া সুরাইয়ার এটি প্রথম ঈদ।

ঈদে বাবা-মা দুজনেই সুরাইয়ার জন্য নতুন জামা ও সাজগোজের নানা ধরনের প্রসাধন সামগ্রী কিনেছেন বলে জানান।

সুরাইয়ার মা নাজমা বেগম জানান, সকালে পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ স্ত্রীকে নিয়ে তাদের বাড়ি গিয়ে সুরাইয়াকে নতুন পোশাক দিয়েছেন।

এ সময় এসপি সুরাইয়া ও তাদের পরিবারের খোঁজখবর নেন বলে জানান নাজমা।

ঈদের দিন সকাল থেকে সুরাইয়াকে দেখতে, দোয়া করতে অনেকেই তাদের বাড়ি এসেছেন বলেও তিনি।

গত ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য নিয়ে ক্ষমতাশীন দল সমর্থক দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে অন্তঃসত্ত্বা নামজা বেগম গুলিবিদ্ধ ও মমিন ভূইয়া নামে একজন নিহত হন।

পরে ওইদিনই নাজমার অস্ত্রোপচারের পর সুরাইয়ার জন্ম হয়। ওই সময় সুরাইয়ার বুকে ও পিঠে গুলিবিদ্ধ ছিল।

এরপর তাদের মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।