কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫
ঈদযাত্রার মধ্যে বরিশাল সদরের কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্টিমারের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম জানান।
তিনি বলেন, সুরভি-৭ নামের একটি খালি লঞ্চ ঢাকা যাচ্ছিল। আর ঢাকা থেকে প্রায় ৭০০ যাত্রী নিয়ে বরিশাল আসছিল বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ।
“চরবাড়িয়া এলাকায় স্টিমারের বাঁ পাশে মাঝ বরাবর ধাক্কা দিয়ে চলে যায় লঞ্চটি।”
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন জানান, তারা তিন নারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছেন।
তাদের মধ্যে দুজন হলেন- মোড়লগঞ্জের সীমা আক্তার (২০) ও বরিশাল নগরীর কাউনিয়া ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের মেয়ে তামান্না (১২)। আনুমানিক ৩৫ বছরের এক নারী ও ৪০ এর ঘরের দুই পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতরা হলেন- বরিশাল নগরীর কাশিপুর এলাকার কালু (৩০), মোড়লগঞ্জের ফারজানা (১৯), বাগেরহাটের শাকিল সর্দার (২১), রুবেল (২২) ও চাঁদপুরের নুরুল ইসলাম (৫০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিএস মাহসুদের মাস্টার জয়নাল আবেদীন জানান, ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশালের দিকে যাচ্ছিল তার স্টিমার। চরবাড়িয়া এলাকায় বিপরীতমুখি সুরভী-৭ এক টানা হর্ন দিতে থাকে।
“নিয়ম অনুযায়ী এক টানা হর্ন দিলে নৌযানগুলো যে যার ডান দিক থেকে চলবে। সে অনুযায়ী স্টিমার ডান দিকে নিয়ে যাওয়া হলেও লঞ্চটি দিক পরিবর্তন না করে মাঝ বরাবর ধাক্কা দেয়।”
বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহা ব্যবস্থাপক আবুল কালাম বলেন, “সংঘর্ষে পিএস মাহসুদের ডান পাশের প্যাডেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের এমভি মধুমতির সাহায্যে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।”
কর্তৃপক্ষ স্টিমারে সাতশ যাত্রী থাকার কথা বললেও মো. রুবেল নামে আহত এক যাত্রী বলছেন, সেখানে আরোহী ছিলেন অন্তত দেড় হাজার।
ক্ষতিগ্রস্ত স্টিমারটিকে টাগ বোট দুর্বারের সাহায্যে টেনে বরিশাল নৌ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান।
এই নৌ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল আলাম আজাদকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
