২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 02:39 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

রোববার সকালে হানিফ মোল্লাকে (২৮) দক্ষিণ বাসুড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার এসআই শিবিরুল ইসলাম।

হানিফ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ি গ্রামের কবির আহম্মেদ মোল্লার ছেলে। তাকে মাদক বিক্রেতা বলে দাবি করছে পুলিশ।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাঁজা বিক্রেতা হানিফ ও দুই গাঁজা ক্রেতা দক্ষিণ বাসুড়িয়া গ্রামের একটি রাস্তার পাশে এসে গাঁজা কেনাবেচা করছিলেন।

“স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সাত কেজি গঁজাসহ হানিফকে আটক করে পুলিশে দেয়। পরে হানিফের দেওয়া তথ্যমোতাবেক ওই গ্রামের শওকত শেখের বাড়ি থেকে আরও সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।”

গাঁজা কেনাবেচার সাথে জড়িত অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি বলে জানান এসআই শিবিরুল।

অন্যদিকে শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ২৪টি ইয়াবাসহ কালা খাঁ (২২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার এসআই ফারুক আলম।