২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার ৫ রোহিঙ্গাই আনসার ব্যারাকে হামলায় জড়িত: র‌্যাব

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে আনসার ব্যারাকে হত্যা ও অস্ত্র লুটে ঘটনায় গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গা হামলায় সরাসরি অংশ নিয়েছিল বলে দাবি করেছে র‌্যাব।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

গ্রেপ্তার পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছে বলে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহু জানান।

শরণার্থী ক্যাম্পে আনসার ব্যারাকে হামলার ঘটনায়  বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের পাশের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে আটক করে র‌্যাব।

এরা হলেন টেকনাফের মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা রফিক ওরফে মামুন মিয়া (৩০), একই ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা আব্দুর রাজ্জাক (২৫) আব্দুস সালাম (২৯), মোহাম্মদ হারুন (৩০) ও জয়নাল ওরফে জানে আলম (৫০)।

মামুন মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে টেকনাফে এক ডজনের বেশি মামলা রয়েছে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব অধিনায়ক বলেন, “ঘটনার রাতে রফিক তার বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে শফি আলম নামের এক ব্যক্তি তাকে রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববতী ইট ভাটায় নিয়ে যায়।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

“সেখানে আগে থেকে অবস্থান করছিল তার নুর আলম, খায়রুল আমিন, রাজ্জাক ও হারুনসহ ১০/১৫ জন লোক। পরে তারা সংঘবদ্ধ হয়ে হামলায় অংশ নেয়।”

হামলায় পিস্তল ও কাটা রাইফেলসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় জানান এ র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, “ হামলার সময় রফিকের হাতে ছিল রামদা। অস্ত্র ও গুলি লুটের পর তিনটি বস্তায় ভরা হয়। পরে সে ওই বস্তাগুলো রাজ্জাক, খায়রুল ও নুর আলম বহন করে নিয়ে যায়।”

গত ১৩ মে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে হামলা চালায় মুখোশ পরিহিত ৩০/৩৫ জন সশস্ত্র হামলাকারী।

ওই ঘটনায় আনাসার ব্যারাকের কমান্ডার মো. আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা ব্যারাকের অস্ত্রাগার থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ব্যারাকের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩০/৩৫ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করেন।

ওই ঘটনায় এর আগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নুরুল আবছার নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম জানিয়েছিলেন।

জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেছিলেন, আনসার ব্যারাকে ওই হামলার নেতৃত্বে ছিলেন ফারুক নামের এক পাকিস্তানি। মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) জন্য অস্ত্র সংগ্রহ করতে ওই ক্যাম্পে হামলা করা হয়েছিল।

পুরনো খবর:

শরণার্থী ক্যাম্পে আনসার হত্যায় ৫ ‘রোহিঙ্গা’ আটক
টেকনাফে আনসার ব্যারাকে হামলায় ছিল ‘পাকিস্তানিও’
রোহিঙ্গা ক্যাম্পে আনসার হত্যায় মামলা