গাজীপুরে লক্ষাধিক ইয়াবাসহ আটক ৩
গাজীপুরের মীরেরবাজারে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আটকরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কোনাপাড়ার আমির হোসেন (২৭), যশোরের শার্শা উপজেলার কোরলখালীর টিটন (২৩) এবং তার ভাই লিটন (২৯)।
এসপি হারুন বলেন, সকালে সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় একটি ঝুড়িসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় ঝুড়িতে এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৬২টি ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল ও ১০০ লিটার চোলাই মদসহ ১১ জন আটকের কথা জানিয়েছেন গাজীপুরের এ পুলিশ কর্মকর্তা।
