পুরোহিত আনন্দ গোপালের পরিবারকে আর্থিক সহায়তা
ঝিনাইদহে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার পুরোহিতের স্ত্রী শেফালী গাঙ্গুলীর হাতে এক লাখ টাকা তুলে দেন।
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আনন্দ গোপাল গাঙ্গুলির স্ত্রীর হাতে নগদ এক লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মাহবুব আলম।
এ সময় পুরোহিতের দুই ছেলে অরুণ গাঙ্গুলি, সিন্ধু গাঙ্গুলি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলায় গ্রামের মেঠোপথে আনন্দ গোপাল গাঙ্গুলিকে গলা কেটে হত্যা করে মোটরসাইকেলে আসা তিন যুবক।
পরদিন তার ছেলে অরুণ গোপাল গাঙ্গুলি ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।
গত ১৪ জুন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন নিহত পুরোহিতের বাড়িতে গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
