২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত আনন্দ গাঙ্গুলির বাড়িতে তিন মন্ত্রী

ঝিনাইদহে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেছেন তিন মন্ত্রী।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 07:17 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

পুরনো খবর:

ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা
ঝিনাইদহে পুরোহিত হত্যায় মামলা

মঙ্গলবার দুপরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন নিহত পুরোহিতের স্ত্রী শেফালী গাঙ্গুলি, ছেলে অরুণ গাঙ্গুলি ও সিন্ধু গাঙ্গুলিকে সমবেদনা জানান।

শেফালী গাঙ্গুলি কান্নাজড়িত কণ্ঠে তার স্বামীর স্বল্প রোজগারে কীভাবে সংসার চালাতেন তার বর্ণনা দেন। ওই সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

মন্ত্রীরা আনন্দ মোহন গাঙ্গুলির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দেন। তাদের পরিবারকে সহযোগিতারও আশ্বাস দেন।

এরপর করাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শান্তি সমাবেশে উপস্থিত হন মন্ত্রীরা।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, নিরীহ দরিদ্র পুরোহিতকে হত্যা করে খুনিরা যে অপরাধ করেছে তার ক্ষমা নেই। গুপ্ত ঘাতকদের দমন করা হবে। তাদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে।

এসব খুনিদের দমনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নাসিম।

“৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে চেয়েছিল বিএনপি-জামায়াত। তারা ব্যর্থ হয়। নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছি। দেশ চালাচ্ছি, দেশ গড়ছি।”

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “আপনি নির্বাচনে যাননি, এ দোষ আপনার। ২০১৯ সালে নির্বাচন হবে। প্রস্তুতি নিন।  নির্বাচনে না এলে আবার আমরা ফাঁকা মাঠে গোল দেব।”

Image
পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি

পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি

জামায়াত-বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনের পর জ্বালাও পোড়াও ও আগুন সন্ত্রাস এবং মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। আগুন সন্ত্রাস দমন করার মতো অচিরেই এসব গুপ্ত ঘাতকদের দমন করা হবে, বলেন তিনি। 

হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া জঙ্গি জামায়াত ত্যাগ করেনি। গুপ্ত হত্যার মধ্য দিয়ে সাধারণ নারিদেরকেও হত্যা করছে।

রাশেদ খান মেনন বলেন, ঘাতকরা শুধু পুরোহিত নয়, মাজারের খাদেম, গির্জার যাজক ও বৌদ্ধ মন্দিরের ভিক্ষুকে হত্যা করছে। একাত্তর সালে জামায়াত শিবির প্রকাশ্যে ও গোপনে মানুষ হত্যা করেছিল। এখন তারা গুপ্ত হত্যা করছে। 

বিএনপি চলমান জঙ্গি গ্রেপ্তারের বিরোধিত করছে দাবি করে তিনি বলেন, যারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের ধরছে পুলিশ।

তিনি সবাইকে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক্য গড়ে তোলার আহবান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরফান বিশ্বাস শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন।

গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলায় গ্রামের মেঠোপথে হিন্দু পুরোহিত আানন্দ গোপাল গাঙ্গুলিকে গলা কেটে হত্যা করে মোটরসাইকেলে আসা তিন যুবক। পরদিন তার ছেলে অরুণ গোপাল গাঙ্গুলি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।