২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর থেকে ঢাকা কারাগারে যুদ্ধাপরাধী মীর কাসেম

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেমকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সোমবার সকাল সোয়া ৭টার দিকে মীর কাসেমকে ঢাকায় পাঠানো হয়।

দুপুরের আগে ঢাকা কারাগারে পৌঁছালে তাকে কনডেম সেলে রাখা হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জৈষ্ঠ্য জেলসুপার জাহাঙ্গীর কবির জানান।

কাসেমকে কেন ঢাকায় আনা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “তাকে এখানে  রাখার জন্যই আনা হয়েছে। তিনি এখানেই থাকবেন।”

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ৮ মার্চ আপিলের রায়েও সেই সাজা বহাল থাকে।

আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার জন্য কাসেমের আইনজীবীরা রোববার সর্বোচ্চ আদালতে আবেদন করেন। রোজায় সুপ্রিম কোর্টের চলমান অবকাশে রিভিউ শুনানি হবে কি না- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন একাত্তরের বদর নেতা মীর কাসেম। সে আর্জিও নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ তার ফাঁসির দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে। তার আগে আসামির সঙ্গে পরিবারের সদস্যরা সাক্ষাতের সুযোগ পাবেন। 

এর আগে যুদ্ধাপরাধ মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ; সবগুলোই হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। 

সর্বশেষ গত ১০ মে মধ্যরাতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর প্রাণদণ্ড কার্যকর করা হয় একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে।  তার এক দিন আগে রিভিউ আবেদন খারিজ হয়ে গেলে নিজামীকে কাশিমপুর থেকে ঢাকা কারাগারে নিয়ে আসা হয়।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন মতিঝিলে নয়া দিগন্ত কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য কাসেমকে।  পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় তার যুদ্ধাপরাধের বিচার।

এ মামলার  শুনানিতে রাষ্ট্রপক্ষ ৬৩ বছর বয়সী মীর কাসেমকে আখ্যায়িত করেছে পাকিস্তানের খান সেনাদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হওয়া ‘বাঙালি খান’ হিসাবে, যিনি সে সময় জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় ছাত্রসংঘের বাছাই করা সদস্যদের নিয়ে গঠিত সশস্ত্র আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার হিসেবে মীর কাসেম যেসব মানবতাবিরোধী অপরাধ ঘটান, তা উঠে এসেছে এই রায়ে।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম ১৯৮৫ সাল থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অর্থাৎ মজলিসে শুরার সদস্য হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি হলেন জামায়াতের পঞ্চম শীর্ষ নেতা, চূড়ান্ত রায়েও যার সর্বোচ্চ সাজার সিদ্ধান্ত এসেছে।