শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিমকে নিয়ে অভিযানে পুলিশ
মাদারীপুরে কলেজশিক্ষক রিপন চক্রবর্তীকে ‘হত্যাচেষ্টায় জড়িত’ অভিযোগে গ্রেপ্তার গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে নিয়ে ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযানে নামার খবর জানিয়েছে পুলিশ।
সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর বুধবারের ওই হামলার বিচার দাবিতে বৃহস্পতিবার শহরে মানববন্ধন করেছে জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
রিপন চক্রবর্তী এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা ‘শঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন সেখানকার সহকারী রেজিস্ট্রার শহীদুল ইসলাম।
বুধবার বিকালে তিন যুবক রিপন চক্রবর্তীর কলেজ গেইট এলাকার ভাড়া বাসায় কড়া নেড়ে ঘরে ঢুকে তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ফাহিমকে আটক করে বলে পুলিশের ভাষ্য।
হামলায় আহত রিপন চক্রবর্তী
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক রিপনের মাথা, কপাল ও বাম হাতে একটি করে আঘাতের ক্ষত রয়েছে।
উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার শহীদুল বলেন, রাতেই তার জ্ঞান ফিরেছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তারপরও তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিপন চক্রবর্তীর ফেইসবুক থেকে নেওয়া ছবি
রিপন চক্রবর্তীর উপর ওই হামলা ও ঘটনার বিচার দাবিতে মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বেলা ১১টার দিকে সরকারি নাজিমউদ্দিন কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
