মাদারীপুরে ঘরে ঢুকে কলেজ শিক্ষককে কুপিয়ে আহত
মাদারীপুর শহরে ঘরে ঢুকে এক কলেজ শিক্ষককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
আহত রিপন চক্রবর্তী সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বুধবার বিকালে নাজিমউদ্দিন কলেজ গেইট এলাকায় তার ওপর হামলার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক একজন শিবিরকর্মী বলে পুলিশের ভাষ্য।
মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, কলেজের ছাত্রী হোস্টেলের সামনে ভাড়া বাসায় থাকেন রিপন চক্রবর্তী। বিকাল ৫টার দিকে তিন যুবক কড়া নেড়ে ঘরে ঢুকে চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে।
এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে একজনকে আটক করে। পরে শিক্ষককে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিন (২০) চাঁপাইনবাবগঞ্জের দায়িরার এলাকার গোলাম ফারুকের ছেলে।
তিনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করেন ওসি মোর্শেদ।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন জায়গায় যে সব ‘গুপ্তহত্যা’ হয়েছে তারই অংশ হিসেবে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত শিক্ষক রিপনের মাথা, কপাল ও বাম হাতে একটি আঘাতের চিহ্ন রয়েছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
