২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে টিসিবির পণ্য বিক্রি বন্ধ

গোপালগঞ্জে খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরুর কয়েক দিনের মাথায় তা বন্ধ হয়ে গেছে।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 06:17 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

খুলনা টিসিবির ডিপো থেকে পণ্য সরবরাহ না করায় জেলার কোথাও টিসিবির পণ্য বিক্রি যাচ্ছে না বলে জানিয়েছে ডিলাররা ।

রোজার তিনদিন আগে ও পরে চারদিন জেলা শহর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় টিসিবি খোলা বাজারে চিনি ৪৮ টাকা, ছোলা ৭০, খেজুর ও ডাল ৯০ টাকা কেজি ও ভোজ্যতেল ৮০ টাকা লিটার দরে বিক্রি শুরু করেছিল। 

জসিম উদ্দিন নামে কোটালীপাড়ার এক ক্রেতা বলেন, বাজারে প্রতি কেজি চিনি ৬৪ টাকা, ছোলা ৮৫ টাকা, ডাল ১১০ টাকা ও ভোজ্য তেল ৯৫-১০০ টাকা লিটার দরে কিনতে হচ্ছে। 

“কয়েকদিন খোলা বাজার থেকে কম দামে টিসিবির পণ্য পাওয়া গেলে গত দুই দিন ধরে তা মিলছে না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

খোলা বাজার থেকে কম দামে টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ায় সাধারণের মাঝে স্বস্তি দেখা দিয়েছিল, হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, বলেন মিতালী নামের জেলা শহরের আরেক ক্রেতা।

গোপালগঞ্জ জেলা সদরের টিসিবির ডিলার দীপক কুমার সাহা বলেন, গোপালগঞ্জের ডিলারদের পণ্য খুলনা টিসিবি থেকে সরবরাহ করা হয়। 

“খুলনা টিসিবির থেকে কেবল খুলনা সিটি করপোরেশন এলাকায় পণ্য সরবরাহ করা হবে বলে তাদের জানানো হয়েছে। তাই তারা গোপালগঞ্জের ডিলারদের পণ্য না দিয়ে ফিরিয়ে দিচ্ছে।”

একই অভিযোগ করেছেন জেলার আরও ছয় ডিলার।

ছোলা, চিনি, ভোজ্যতেল ও ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির উদ্যোগে খোলা বাজারে পণ্য বিক্রি চালু রাখার দাবি জানান ডিলাররা।

এ বিষয়ে টিসিবি খুলনা অঞ্চলের ডেপুটি সিনিয়র এক্সিকিউটিভ মো. রবিউল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা অঞ্চলে ৫৪২ জন ডিলার টিসিবি পণ্য বিক্রি করছে। পণ্যের যোগান অনুযায়ী ডিলারদেরকে পণ্য সরবরাহ করা হচ্ছে।

গোপালগঞ্জে টিসিবির পণ্য কেন সরবরাহ করা হচ্ছে না তা নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, রমজান মাসে সাধারণ মানুষের প্রয়োজনমত পণ্য সরবরাহ করার জন্য টিসিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।