২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রমের সেবক হত্যা: শিবির নেতা রিমান্ডে

ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যায় গ্রেপ্তার শিবির নেতা আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে পাবনার একটি আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 03:06 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম নাজিমুদ্দৌলা এ আদেশ দেন।

এর আগে সোমবার আবুল হাশেম ওরফে গলাকাটা হাশেম নামের আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ পেয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সি আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে আরিফুলকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আরিফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, তাকে রিমান্ডে নিয়ে অধিক জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গত শনিবার রাতে পাবনা সদর উপজেলার চর ঘোষপুর থেকে পাবনা শহর ছাত্র শিবিরের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আরও জানান, আরিফুলকে নিয়ে থানায় যাওয়ার পথে বাজিতপুর ঘাটের পাশে দুর্ঘটনায় আরিফুল ও তিন পুলিশ সদস্য আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজর করা হয় বলে তিনি জানান।

গত শুক্রবার ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।   

আরিফুলসহ এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে হেমায়েতপুর তপোবন এলাকা থেকে আবুল হাশেম ওরফে গলাকাটা হাশেমকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

হাশেমের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুরনো খবর:

পাবনায় সেবক হত্যায় গ্রেপ্তার একজন রিমান্ডে