২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সেবক হত্যায় গ্রেপ্তার একজন রিমান্ডে

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

পরে আদালতে হাজির করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়।

রোববার রাতে হেমায়েতপুর তপোবন এলাকা থেকে আবুল হাশেম ওরফে গলাকাটা হাশেমকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান।

হাশেমের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি।

এ নিয়ে সেবায়েত নিত্যরঞ্জন হত্যায় ছাত্রশিবিরের এক নেতাসহ দুজনকে আটক করল পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে হেমায়েতপুর ইউনিয়নের তপোবন এলাকা থেকে আবুল হাশেমকে আটক করে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আমলী আদালত নাজিম উদদৌলার আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করে।

এর আগে শনিবার রাত ১১টার দিকে পাবনার চর ঘোষপুর থেকে শহর ছাত্র শিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলামকে আটক করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসা পথে পুলিশের গাড়ি রাস্তার পাশের একটি খালে পড়ে গেলে আরিফ ও কয়েকজন পুলিশ আহত হয়।

আরিফসহ আহত পুলিশ সদস্যদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষ হলেই আরিফুলকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি আব্দুল্লাহ।

শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ শুক্রবার রাতে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।

নিত্যরঞ্জন গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু গ্রামের মৃত রসিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক ছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস পাবনার এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে বার্তা দিয়েছে বলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে।