ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুর সদরের প্রায় পাঁচ বছর আগের একটি হত্যা ও ধর্ষণ মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
ফরিদপুর সদরের প্রায় পাঁচ বছর আগের একটি হত্যা ও ধর্ষণ মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত মিজানুর রহমান (৩১) ফরিদপুর সদরের বিলভরা গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১১ ডিসেম্বর বিকালে আকলিমা (২২) নামের এক তরুণীকে সদর উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভরা গ্রামে নিয়ে যায় মিজানুর রহমান।
সেখানে একটি বাগানে ওইদিন রাতে তাকে ধর্ষণ ও হত্যা করে লাশ একটি কূয়োর মধ্যে ফেলে দেয় মিজান। পরদিন দুপুরে পুলিশ আকলিমার লাশ উদ্ধার করে।
ওই আদালতের পিপি বাবু মোল্লা জানান, ওই ঘটনায় সদর থানার এসআই আব্দুল জলিল মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনকে আসমি করে অভিযোগপত্র দেয়।
অভিযুক্ত অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
নিহত আকলিমা সদর উপজেলার গদাধরডাঙ্গির সোবাহান শেখের মেয়ে।
