পাবনায় নির্বাচনোত্তর সহিংসতায় আহত অর্ধশত
পাবনা সদরের দুটি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত অর্ধশত আহত হয়েছে।
রোববার ও সোমবার হেমায়েতপুর ও দোগাছি ইউনিয়নে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। বেশকিছু বাড়িঘরে ভাংচুরের ঘটনাও ঘটে।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত দুই সদস্য প্রার্থী বকুল সরদার ও আফজাল প্রামাণিকের সমর্থকদের মধ্যে রোববার থেকে দফায় দফায় সংঘর্ষ হয়।
“সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে অর্ধশত গুলিবিদ্ধ হয়। উভয়পক্ষের প্রায় ৫০টি বাড়িঘর ভাংচু করা হয়।”
পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
পরাজিত সদস্য প্রার্থী বকুল সরদার বলেন, রোববার রাতে আমার ভাইয়ের বাড়িতে আফজাল মেম্বার লোকজন নিয়ে হামলা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার চেষ্টা করে। এরপর সংঘর্ষ শুরু হয়।
তিনি বলেন, সোমবার সকালে ওরা আবার আমাদের লোকজনের উপর হামলা করে এবং গুলি চালায়।
সংঘর্ষে গুলিবিদ্ধসহ তাদের প্রায় ৪০ জন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
চর ঘোষপুর গ্রামের জরিনা বেগম বলেন, আফজালের লোকজন শুধু বাড়ি ঘরেই হামলা চালায় নাই। মহিলাদের উপরও হামলা করেছে।
ওই নিজের কান দেখিয়ে জরিনা বলেন, “কানের দুল ছিল; টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে।”
জরিনার কান কেটে রক্ত ঝড়তে দেখা গেছে।
পরাজিত সদস্য পদপ্রার্থী আফজাল প্রামানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
রোববার রাতে দোগাছি ইউনিয়নে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ও শামসুল আলমের সমর্থকদের মধ্যেও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। সেখানেও প্রায় ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোগাছি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে কলুনিয়া গ্রামে আমার ধান চাতালে নির্বাচন পরবর্তী বৈঠক করছিলাম। এ সময় অতর্কিতভাবে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে আমাদের ১৫ জন আহত হয়।”
হামলাকারীরা তারসহ বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
আহত দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেন তিনি।
কলুনিয়া গ্রামের সালমা খাতুন অভিযোগ করে বলেন, এই গ্রামের শামসুল চেয়ারম্যানকে ভোট না দিয়ে আলতাফ ভাইকে ভোট দেওয়ার কারণে শামসুলের লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ সময় ৫/৬টি বাড়ির টিভি ফ্রিজসহ ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর চালায় বলে দাবি তার।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, ঘটনাস্থল থেকে উভয়পক্ষের আট জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দোগাছি ইউনিয়নেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
উভয় ঘটনায় লিখিত অভিযোগ পাননি জানিয়ে তিনি বলেন, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
