অধ্যাপক হত্যা: ছুটির পর ফের আন্দোলনে রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে আবারও আন্দোলনে নামছে শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি শোক মিছিল বের করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে সমাবেশে মিলিত হয়।
গ্রীষ্মকালীন ছুটির পর এটাই তাদের প্রথম কর্মসূচি।
গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগানে নিজ বাসা থেকে ৫০ গজ দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে মন্ত্রীদের আশ্বাসে গত ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আন্দোলন স্থগিত করেছিল।
“অধ্যাপক রেজাউলকে শনিবারের দিন হত্যা করা হয়েছিল। তাই আমরা আমাদের আন্দোলন প্রতি শনিবার পালন করব।
“এছাড়া ৬ জুন শিক্ষক সমিতির মানববন্ধনেও অংশগ্রহণ করব।”
এদিকে, একই দাবিতে ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
