২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ভোটের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

নোয়াখালী সদর উপজেলায় দুই সদস্য প্রার্থীর সংঘর্ষে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দফায় নেয়াজপুর ইউনিয়নের ভেলানগর মোহাম্মদিয়া এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

নিহত ইয়াছিন আরাফাত (২৩) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ভেলানগর গ্রামের মো. সেলিমের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সকালে ভেলানগর মোহাম্মদিয়া এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাতকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ।

“চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।”

এদিকে এওজবালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কবির হোসেন প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন।

এছাড়া নেয়াজপুর, কাদির হানিফ ও এওজবালিয়া ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।