গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত, ভাংচুর-অগ্নিসংযোগ
গাজীপুরে বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জিরানী এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হারুন আর রশিদ।
নিহত মালেকা আক্তার (১৮) স্থানীয় রেডিয়াল গার্মেন্টে কাজ করতেন। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার শিবরামপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ সহকর্মী ও এলাকাবাসী চারটি বাসে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে গাড়ি চলাচল শুরু হয়।
উপ-পরিদর্শক মো. হারুন আর রশিদ বলেন, দুপুরের খাবারের বিরতির পর কারখানা থেকে বের হয়ে জিরানী সড়কের পাশে ওয়েলকাম পরিবহনের কাউন্টারের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন মালেকা। এসময় ওয়েলকাম পরিবহনের একটি বাস পেছনে সরতে গিয়ে মালেকাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“খবর পেয়ে সহকর্মী ও এলাকাবাসী ওয়েলকাম পরিবহনের চারটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং আরও ১০/১২টি গাড়ি ভাংচুর করে।”
খবর পেয়ে সাভার ইপিজেড ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায় বলে জানান তিনি।
