গাছে পিকআপের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
বাগেরহাটে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যানে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার বিকালে সদর উপজেলার মহাদেবের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট হাইওয়ে পুলিশের ওসি মো. শাহ আলম ফরাজী জানান।
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের সানা মিয়া (৬৫), তার স্ত্রী আলেয়া বেগম (৫৫), তাদের আত্মীয় লুৎফর রহমান (৬০) ও হালিমা বেগম (৫৫)।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, বিকালে একটি মিনি পিকআপ ভ্যান বাগেরহাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সাথে পিকআপটি ধাক্কা খায়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চারজনের মৃত্যু হয়।”
ওসি বলেন, যাত্রীরা খুলনার পাইকগাছা থেকে একটি পিকআপ ভাড়া করে বাগেরহাটের হযরত খান জাহান (র:) মাজার জিয়ারত করতে এসেছিলেন। সেখান থেকে ফিরে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।
নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
