পাতানো বোনের বাড়িতে বেড়াতে এসে যুবক খুন
সিরাজগঞ্জের রায়গঞ্জে পাতানো বোনের বাড়িতে বেড়াতে এসে খুন হয়েছেন বগুড়ার এক যুবক।
বুধবার উপজেলার নওপা গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম।
নিহত রঞ্জু সেখ (২৭) বগুড়ার শেরপুর উপজেলার সদর হাসরা গ্রামের দবির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় রঞ্জুর পাতানো বোনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, রঞ্জু সোমবার সন্ধ্যায় ওই মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় রঞ্জুর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন বলে জানান তিনি।
