গাজীপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ ও শ্রীপুরে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে এদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
এরা হলেন কালীগঞ্জের কাপাইস গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে মুকুন্দ দাস (৫৫), প্রেম দাসের ছেলে সুধন দাস (৩৫) ও মোক্তারপুরের শিংলাব গ্রামের মৃত রস্না চন্দ্র দাসের ছেলে নীরব চন্দ্র দাস (৫২) এবং শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা এলাকার ইন্নছ আলী ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক পলি আক্তার জানান, বৃষ্টির সময় কাপাস এলাকার একটি মাছের খামারে বাঁশের মাচায় বসে পাহারা দিচ্ছিল ওই তিন জন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. রুহুল আমিন জানান, শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইন্নছ আলী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
