খুলনায় পাওয়া সেই যমজ নবজাতক নতুন পরিবারে
খুলনা নগরীর একটি মাঠে পাওয়া দুই যমজ নবজাতককে লালন-পালনের ভার নিয়েছেন দুই জন।
এরা হলেন নগরীর খালিশপুর থানার বিশ্বাসপাড়ার দিলদার আহমেদর স্ত্রী সুলতানা নাসরিন ও সদর থানার টুটপাড়া তালতলার বাসিন্দা পুলিশ কনস্টেবল মো. রায়হান আলী। রায়হান খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে কর্মরত রয়েছেন।
শনিবার রাতে লবণচরা থানার জলমা ইউনিয়নের ৪ নম্বর পুলিশিং কমিটির কার্যালয়ে নবজাতকদের হস্তান্তর সম্পন্ন হয় বলে জানান লবণচরা থানার ওসি সরদার মো. মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, যমজ নবজাতকের মা বাক প্রতিবন্ধী কুলসুম বেগম উপস্থিত থেকে শনিবার রাতে গৃহিনী সুলতানা নাসরিন ও কনস্টেবল রায়হান আলীর কাছে তার মেয়েদের লালনপালনের জন্য হস্তান্তর করেন।
রোববার খুলনার আদালতে এফিডেফিটের মাধ্যমে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান ওসি।
হস্তান্তরের সময় উপস্থিত ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম লিটন বলেন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হযরত আলী ও এস এ হালিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে যমজ নবজাতকদের হস্তান্তর করা হয়।
গত ২৩ মে বিকালে লবণচরা থানার ফজলুল বারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে যমজ নবজাতককে কাপড়চোপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
পরে লবণচরা থানার পুলিশ তাদের উদ্ধার করে খুলনা শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরদিন অনুসন্ধান চালিয়ে লবণচরা থানার রিয়াবাজার এলাকায় যমজ নবজাতকদের মা কুলসুম বেগমকে খুঁজে বের করে তার কাছে হস্তান্তর করা হয়।
