ফেনীতে জেলেপাড়া ভেসে একজনের মৃত্যু
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ফেনীর সমুদ্র উপকূলীয় একটি জেলেপাড়া জোয়ারে ভেসে যাওয়ার পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় শনিবারের এ ঘটনায় নূর আলম (৩৪) নামে ওই ব্যক্তি মারা যান বলে জানান সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফা হক।
চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন খোকন বলেন, রোয়ানুর প্রভাবে সোনাগাজী ইউনিয়নের ১০টি গ্রামের ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
“এসব এলাকার পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিপুলসংখ্যক গাছ উপড়ে পড়েছে।”
ইউএনও শরীফা বলেন, উপজেলার ৫৮টি আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। দুই হাজার স্বেচ্ছাসেবক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কাজ করে যাচ্ছে।
রোয়ানুর আঘাতে ফেনীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক আমিন উল আহসান।
“বিপদ সংকেত পাওয়ার পর থেকেই আমরা দুই হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে উপকূলীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছি।”
আপাতত তাদের শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান।
