রাবি শিক্ষককে হত্যার হুমকি
ইংরেজির অধ্যাপক রেজাউল হত্যার একমাসের মধ্যেই হত্যার হুমকি পাওয়ার কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ হাসান ইমাম হুমকির একটি চিঠি পান বলে জানান।
এ ঘটনায় তিনি দুপুরে নগরীর মতিহার থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হাসান ইমাম সম্প্রতি ‘মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র’ নামের একটি সংকলিত বই প্রকাশ করেন। এই বইকে কেন্দ্র করে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে মনে করেন ওই শিক্ষক।
‘উন্নয়ন অনুন্নয়ন’, ‘বাংলাদেশের গ্রাম’, ‘সামাজিক গবেষণা পদ্ধতি’সহ বেশ কয়েকটি বই লিখেছেন তিনি।
অধ্যাপক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টার দিকে মমতাজউদ্দিন কলাভবনে আমার চেম্বারে দরজার হাতলে আটকানো একটি খাম দেখি। খামের উপরে কোনো ঠিকানা নেই। শুধু লাল কালিতে ‘লাল বার্তা’ লেখা এবং খামের দুই পাশে দুটি ক্রস চিহ্ন দেওয়া।”
চিঠিতে লেখা ছিল- ‘মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র নয় এবার আপনার নিজের খণ্ড-বিখণ্ড দেহ চিত্রের জন্য প্রস্তুত থাকবেন’, বলেন তিনি।
তিনি বলেন, এরপর তিনি আতঙ্কিত হয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন। পরে নগরীর মতিহার থানা পুলিশ এসে তাকে বাসায় নিয়ে যায়।
প্রক্টর মজিবুল হক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের পর আমরা স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতাই ভুগছি। তারপর এরকম হুমকির ঘটনা খুবই উদ্বেগের। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।”
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি জানার পরপরই থানার এসআই আজাহার আলীকে তদন্তের দায়িত্ব দিয়েছি। হুমকির বিষয়টি তদন্ত করে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগেও বিভিন্ন সময় বেশ কয়েকজন রাবি শিক্ষককে বিভিন্ন সংগঠনের নামে ও বেনামে পাঠানো চিঠি ও মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
সর্বশেষ গত ৮ মে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম প্রদীপকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়। এসব হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ এখনও জড়িতদের চিহ্নিত করতে পারেনি।
গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে বাড়ির ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয়।
