টেকনাফে সাংবাদিকের উপর হামলায় আরেক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সংবাদ সংগ্রহ করতে যাওয়া ছয় সাংবাদিকের উপর হামলার মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জামাল হোসেন (৪৫) নাজিরপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
বুধবার ভোরে সদর ইউনিয়নের নাজিরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশ।
সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ নিয়ে দুই আাসমি গ্রেপ্তার হলেন।
শুক্রবার বিকালে নাজিরপাড়ায় ইয়াবা পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় ছয় সাংবাদিক আহত হন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের বহন করা গাড়ি ভাংচুর ও ক্যামেরা পুড়িয়ে দেয়।
হামলার পরপরই আহত সাংবাদিকরা অভিযোগ করেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর এ হামলা চালায়। এতে আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু রোববার টেকনাফ থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
এসআই কাঞ্চন বলেন, রাতে টেকনাফ থানা পুলিশের বিশেষ দল নাজিরপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার ভোর ৪টার দিকে একটি পানের বরজ থেকে মামলার এজাহারভুক্ত আসামি জামালকে গ্রেপ্তার করা হয়।
“জামাল হামলার সময় সাংবাদিকদের কাছ থেকে ল্যাপটপ ও ক্যামেরাসহ অন্য সরঞ্জামাদি ছিনিয়ে নিয়েছিল- প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছে।”
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
