টেকনাফে সাংবাদিকের উপর হামলা: ১ আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সংবাদ সংগ্রহ করতে যাওয়া ছয় সাংবাদিকের উপর হামলার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. এজাহার মিয়া (৬৫) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মৃত নজু মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে নাজিরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশ।
শুক্রবার বিকালে নাজিরপাড়ায় ইয়াবা পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় ছয় সাংবাদিক আহত হন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের বহন করা গাড়ি ভাংচুর ও ক্যামেরা পুড়িয়ে দেয়।
হামলার পরপরই আহত সাংবাদিকরা অভিযোগ করেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর এ হামলা চালায়।
এ ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদী হয়ে রোববার সন্ধ্যায় টেকনাফ থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এসআই কাঞ্চন বলেন, সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একটি দল। মঙ্গলবার ভোরে নাজিরপাড়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে এজাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তার এজাহার মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোর বাবা। সাংবাদিকদের উপর হামলার মামলায় নুরুল হক প্রধান আসামি আর এজাহার মিয়া পাঁচ নম্বর আসামি।”
