গাজীপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার
কারখানার কর্মকর্তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় গাজীপুরের এক গার্মেন্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তানিয়া খাতুন লাকী (২৬) গাজীপুর বোর্ডবাজার এলাকার ‘ডিউ ফ্যাশনস লিমিটেড’ কারখানায় কাজ করেন। তিনি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার নেতা।
জয়দেবপুর থানার এসআই আসওয়াদুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের বড়বাড়ি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২২ ফেব্রুয়ারি লাকীসহ বেশ কয়েকজন শ্রমিক কারখানার প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলমকে মারধর করেন। এক পর্যায়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন তারা।”
এ ঘটনায় রবিউল বাদী হয়ে লাকীসহ কারখানার ৩০ জন শ্রমিকের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই আসওয়াদুর।
