Published : 16 May 2016, 09:05 AM
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বণিক জানান, রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভরাসা এলাকার একটি ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম রিপন (৩২) ভরাসা এলাকার মফিজুল ইসলাম ছেলে। তিনি ভরাসা বাজারে চাল ও পোল্ট্রি ফিডের ব্যবসা করতেন।
রাতেই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা করেনি ওই ব্যবসায়ীর পরিবার।
ওসি উত্তম কুমার বলেন, “রাতে হাজী ব্রিকসের সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন রিপন। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
রিপনের বাবা মফিজ বলছেন, এলাকায় কর্তৃত্ব নিয়ে তার ছেলের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের বিরোধ চলছিল।
বিল্লালের লোকজনই রিপনকে গুলি করেছে বলে তার বাবার সন্দেহ।
এ বিষয়ে কথা বলতে কয়েক দফা যোগাযোগ করেও বিল্লালকে পাওয়া যায়নি।