Published : 10 Jul 2026, 12:03 PM
ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দিনাজপুরের এক তরুণী।
বৃহস্পতিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) থেকে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
ফেরত আসা ১৯ বছরের তরুণী দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বাসিন্দা।
বেনাপোল-হরিদাসপুর আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ১০ জুন ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ থেকে ২ জুলাই ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ারের’ প্রতিনিধিদের কাছে রাতেই তাকে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি তাকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর ‘জাস্টিস অ্যান্ড কেয়ারের’ ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, “২০২৪ সালে দালালের প্রলোভনে ভালো কাজের আশায় ওই তরুণী ভারতে যান। সেখানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন।”
“পরবর্তীতে সাজাভোগ শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, আমরা তাকে পরিবারের কাছে পৌছে দেব।”