Published : 12 Jul 2026, 01:21 AM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর বিরুদ্ধে জিডি করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
শনিবার রাতে বাঘাইছড়ি থানায় করা জিডিতে ওমর আলীর বিরুদ্ধে পিআইও কার্যালয়ে এসে ‘দুর্ব্যবহার’ ও ‘হট্টগোল’ করার কথা বলা হয়েছে।
পিআইও সুপ্তশ্রী সাহা জিডিতে লিখেছেন, তিনি ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে বাঘাইছড়ি উপজেলায় আছেন। এখানে আসার পর থেকে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সরকারি প্রকল্পে প্রভাব খাটানোর চেষ্টা করতেন।
“গত ২২ জুন দুপুর সোয়া ১২টার দিকে আমার অফিসে এসে তিনি উপজেলা প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির তথ্য চান। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দিতে রাজি না হওয়ায় উনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।”
সবশেষ শুক্রবার হট্টগোল হওয়ার অভিযোগ তুলে পিআইও বলেছেন, তার দলের কিছু অনুসারী শুক্রবার তার কার্যালয়ে যান।
“তারা বন্যার্তদের ত্রাণ দিয়ে দিতে বললে আমি রাজি না হওয়ায় উশৃঙ্খল আচরণসহ হট্টগোল করে চলে যায়।”
বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দীন মজুমদার বলেন, “পিআইও উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে একটা জিডি করেছেন।”
জানতে চাইলে মো. ওমর আলী বলেন, “পিআইওর করা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে আমার কিছু প্রতিপক্ষ আছে, তারা ষড়যন্ত্র করছে।
“আমি একজনের বিলের বিষয়ে কথা বলার জন্য তার কক্ষে, কিন্তু কোনো ধরনের খারাপ আচরণ করিনি। থানায় জিডি হওয়ার বিষয়টি আমার জানা নেই; খোঁজ নিয়ে দেখব। তদন্তে অপরাধী হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপত্তি নেই।”