২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শ্রমিক নেতা বরখাস্ত, ক্ষুব্ধ শ্রমিকরা

জুট মিল শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে সম্প্রতি খুলনায় আন্দোলনে নেতৃত্বদানকারী শ্রমিক নেতা মো. সোহরাব হোসেনকে বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 02:58 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার সোহরাবকে বরখাস্তের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। ক্রিসেন্ট জুট মিলের এই শ্রমিক নেতা তাঁত বিভাগের লাইন সর্দার পদে কর্মরত ছিলেন। তিনি মিল সিবিএ-এর সাধারণ সম্পাদক।

এছাড়া বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়কের দায়িত্বও পালন করছেন তিনি।

তাকে বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। তারা নোটিশ বোর্ড থেকে সোহরাব হোসেনের বরখাস্ত সংক্রান্ত নোটিশ ছিঁড়ে ফেলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত ৪ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাঁচ দফা দাবির সমর্থনে খুলনা অঞ্চলের আন্দোলনের নেতৃত্ব দেন সোহরাব হোসেন। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার শ্রমিকদের দাবি মেনে নেয়।

ক্রিসেন্ট জুটমিল সিবিএ সভাপতি দ্বীন ইসলাম বলেন, সকাল থেকে ক্রিসেন্ট মিলের শ্রমিকরা মিল এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেছেন। কোনো শ্রমিকই সকালের পালায় কাজে যোগ দেয়নি। ফলে মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়।

একই সময়ে শ্রমিকরা মিলের প্রধান ফটকে মাইক লাগিয়ে সভা করে সোহরাব হোসেনের বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মিলের প্রকল্প প্রধান রফিকুল ইসলামকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

খালিশপুর থানার ওসি আমীর তৈমুর ইলী বলেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কর্তৃপক্ষের নিদের্শনা অমান্য এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মিল কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী শ্রমিক নেতা সোহরাব হোসেনকে বরখাস্ত করেছে।

এ ব্যাপারে সোহরাব হোসেন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। শ্রমিকদের বকেয়া মহার্ঘ্য ভাতা আদায়ের আন্দোলন খুব শিগগিরই শুরু করা হবে- এ বিষয়টি জানতে পেরে পরিকল্পিতভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।

এপ্রিল মাসে আন্দোলনের পর বকেয়া মুজরি পরিশোধ করা হলেও তাদের মহার্ঘ ভাতা পরিশোধ করা হয়নি, বলেন সোহরাব।

খুলনা অঞ্চলের স্টার জুট মিল, প্লাটিনাম জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, দৌলতপুর জুট মিল, খালিশপুর জুট মিলসহ সাতটি পাটকল শ্রমিকরা বকেয়া বেতন ভাতাসহ পাঁচ দফা দাবিতে গত ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

পাশাপাশি ৫ এপ্রিল থেকে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়।

মধ্যে ৭ এপ্রিল থেকে তিন দিন স্থগিত থাকার পর ১১ এপ্রিল পুনরায় অবরোধ শুরু হলে পাটকলগুলো অচল হয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল পাট মন্ত্রণালয়ে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বৈঠক করেন।

শ্রমিকদের ৪ সপ্তাহের মজুরি পরিশোধ, আরও ৬ সপ্তাহের মজুরি, পিএফ ফান্ড এবং গ্রাচ্যুইটিসহ অন্যান্য বকেয়া ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধ, আন্দোলনের ৯ দিনের হাজিরা নিশ্চিতকরণ এবং পর্যায়ক্রমে অন্যান্য দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে।

পুরনো খবর:

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ
ফের অবরোধের ঘোষণা পাটকল শ্রমিকদের
পাটকল শ্রমিকদের দাবি মেটেনি, ধর্মঘট চলবে
পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে