পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধ, ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা তৃতীয় দিনও সড়ক ও রেলপথ অবরোধ করেছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে যথারীতি অবরোধ শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলবে।
নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড়, আটরা গিলাতলা শিল্পাঞ্চল ও যশোরের রাজঘাট এলাকায় রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
গত সোমবার সকাল ৬টা থেকে পাটকলগুলোতে ধর্মঘট শুরু হয়। এরপর থেকে এসব মিলের উৎপাদন বন্ধ রয়েছে ।
পাশাপাশি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধেরও ঘোষণা দেয় তারা।
বৃহস্পতিবার কর্মসূচি শেষ হওয়ার পর নতুন কর্মসূচি কী হবে তা এখনও বলা হয়নি। এরমধ্যে কোনো সমঝোতা না হলে পরবর্তীতে কর্মসূচি দেওয়া হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।
এদিকে, পাটকল কর্তৃপক্ষ আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসে দুই সপ্তাহের মজুরি পরিশোধের প্রতিশ্রুতি দিলেও শ্রমিকরা রাজি হয়নি বলে জানান বাংলাদেশ রাষ্ট্রয়াত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন পাটকলে শ্রমিকদের ৭ থেকে ৯ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। বকেয়া সকল মজুরি এবং ২০ শতাংশ মহার্ঘ ভাতা পরিশোধ করা না হলে তারা আবার আন্দোলনে যাবেন।
রাষ্ট্রয়াত্ত পাটকল ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, বিভিন্ন পাটকলে শ্রমিকদের যে বকেয়া পাওনা রয়েছে তা থেকে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাটকল কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবন্দ খুলনা জেলা প্রশাসকের দপ্তরে দুপুরে বৈঠকে বসেছেন বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকায় আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের হাজার হাজার শ্রমিক মিল বন্ধ করে এ অবরোধে নেমেছে।
অবরোধ চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্রয়াত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন।
সোহরাব হোসেন বলেন, দুপুরে পাটকল কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবন্দ খুলনা জেলা প্রশাসকের দপ্তরে বৈঠকে বসেছেন। গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্তে আসা গেলে শ্রমিকরা কাজে যোগ দেবে। অন্যথায় পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে।
