২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় ভোটের সংঘর্ষ: আরেকজনের মৃত্যু

রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 12:56 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

মৃত মুনতাজ উদ্দিন (৪৫) বাগমারার সারনদি গ্রামের মৃত সাবের আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান।

পাঁচ দিন আগে উপজেলার হাট গাঙ্গোপাড়া বাজারে ওই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হলো।

গত শনিবার বাগমারার আউচপাড়া ইউনিয়নে ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে। ভোট স্থগিত হলেও ওই দিন বিকালে হাট গাঙ্গোপাড়া বাজারে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের প্রার্থী সরদার জান মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলামের সমর্থকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিকুর রহমান নামে একজন। আর রায়হান নামে আরেকজনের মৃত্যু হয় সংঘর্ষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম বুলুকে ওইদিন প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে শহরের বেসরকারি সিডিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোর ৫টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এরই মধ্যে আওয়ামী লীগের ১২শ নেতাকর্মীকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

পরিদর্শক আবুল কালাম বলেন, সংঘর্ষের ঘটনায় গত ৮ মে পুলিশের দায়ের করা মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মুনতাজ উদ্দিনসহ সাত জনকে আটক করা হয়েছিল।

“এরপর থেকে পুলিশি হেফাজতে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মুনতাজের মৃত্যু হয়।”   

পুরনো খবর:

বাগমারায় নির্বাচনী সংঘাত, গুলিতে নিহত ১
আ.লীগের ১২০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
বাগমারায় ভোটের সংঘাতে আহত আরেকজনের মৃত্যু