বাগমারায় নির্বাচনী সংঘাত, গুলিতে নিহত ১
রাজশাহীর বাগমারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
শনিবার আউচপাড়া ইউনিয়নের হাট গাঙ্গোপাড়া বাজারে এ সংঘর্ষ হয় বলে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান সিদ্দিক গুলিতে ও শারন্দি গ্রামের রায়হান (৫০) হার্ট অ্যাটাকে মারা যান।
ডিআইজি খুরশিদ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে আউচপাড়া ইউনিয়নের হাট গাঙ্গোপাড়া বাজারের এ সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ ৩৩ রাউন্ড গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
“সংঘর্ষের সময় হাতবোমার বিস্ফোরণ, পুলিশের গুলি ও টিয়ার গ্যাসের কারণে রায়হান মারা যেতে পারেন।”
এ ঘটনায় আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদের এবং বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকরা হাটগাঙ্গোপাড়া বাজারে মিছিল নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ গুলি চালায়।
স্থানীয় সংসদ সদস্য ভোটের আগে এলাকা না ছাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার বাগমারা উপজেলার সব ইউনিয়নে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
