২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের ১২০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬০ জনের নাম উল্লেখ্যসহ আওয়ামী লীগের এক হাজার ২০০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 08:20 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার বিকেলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাসউদ আলী সরকার এই মামলা করেন।

মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দান ও একজন গুলিতে নিহত হওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ।

আগের দিন বিকেলে বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মিছিল মুখোমুখি হয়ে গেলে সংঘর্ষ বাধে। এতে গুলিতে আওয়ামী লীগ কর্মী সিদ্দিকুর রহমান সিদ্দিক নিহত হন।

এছাড়া সংঘর্ষের সময় রমজান আলী রঞ্জু নামের অপর একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যসহ ১৬ জনকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, “সংঘর্ষে পুলিশসহ পক্ষ ছিল তিনটি। অপর দুই পক্ষের একটি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর এবং অপরটি বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।

“সংঘর্ষে পুলিশ ছাড়াও অন্যরাও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ফলে আওয়ামী লীগ কর্মী সিদ্দিকুর রহমান সিদ্দিক কাদের গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।”

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিহতের কারণ নিশ্চিত হওয়া যাবে।

শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে রঞ্জুর ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন বলেন পুলিশ সুপার।

শনিবার বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ উপজেলার সব ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সারনদি গ্রামে এক প্রার্থীর সমর্থকের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়। এর জেরে অপর প্রার্থীর সমর্থকদের ভূট্টা ক্ষেত নষ্ট করে ফেলে।

এ জেরে মিছিল বের করলে এই সংঘর্ষ বাধে।