বাগমারায় ভোটের সংঘাতে আহত আরেকজনের মৃত্যু
রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত জাহিদুল ইসলাম বুলু সোমবার ভোরে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান।
এ নিয়ে দুই দিন আগের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজন হল।
দেশের বিভিন্ন স্থানের মতো শনিবার বাগমারার আউচপাড়া ইউনিয়নে ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে। ভোট স্থগিত হলেও ওই দিন বিকালে হাট গাঙ্গোপাড়া বাজারে সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের প্রার্থী সরদার জান মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলামের সমর্থকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিকুর রহমান নামে একজন। আর রায়হান নামে আরেকজনের মৃত্যু হয় সংঘর্ষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে।
সংঘর্ষের সময় গুলিবিদ্ধ বুলুকে ওইদিন প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে শহরের বেসরকারি সিডিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার ভোর ৫টার দিকে সেখানেই তার মৃত্যু হয় বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল হোসেন জানান।
তিনি বলেন, “বুলুর বাঁ কানের পাশ দিয়ে গুলি লেগে কপাল দিয়ে বেরিয়ে গেছে। মৃতদেহ রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে বুলুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন।
