২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

ও হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 04:49 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

বুধবার বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় সত্যজিৎ ঘোষ সিজান (১৭) ও হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও এলাকায় লিপি দেবনাথ আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে পরীক্ষার ফল জানতে পারে সিজান।

“এর পরপরই প্যারারা রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে আহত হলে স্থানীয়রা তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে।”

এর কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

সত্যজিৎ ঘোষ বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়। সে নগরীর কাটপট্টি রোড এলাকার বাসিন্দা শেখর ঘোষের ছেলে।

অপরদিকে হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গ্রামের কৃষ্ণ দেবনাথের মেয়ে লিপি দেবনাথ প্রেমদাময়ী বালিকা উচ্চবিদ্যলয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

“বুধবার পরীক্ষার ফল খারাপ হওয়ার খবর শুনে পরিবারের সবার অগোচরে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।”

পুরনো খবর:

জিপিএ-৫ পেল বোমায় চোখ হারানো অনিক-হৃদয়
দিনমজুরি করে এ প্লাস