২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনমজুরি করে এ প্লাস

অভাবের সংসারে দিনমজুরি করে পড়াশোনা চালিয়েও এসএসসিতে এ প্লাস পেয়েছে কুড়িগ্রামের আল আমিন।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 08:17 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

সদর উপজেলার কাঁঠালবাড়ী উচ্চবিদ্যালয় থেকে মো. আল আমিন হক বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে বলে প্রধান শিক্ষক জাকির হোসেন জানান।

আল আমিনের বাবা সবজি বিক্রেতা। পুঁজি এক হাজার টাকা। দিনে আয় এক থেকে দেড়শ টাকা। পাঁচ সদস্যের পরিবারে অভাব নিত্যসঙ্গী। এ পরিস্থিতিতে লেখাপড়ার খরচ জোগানো ছিল দুঃস্বপ্নের মতো। তাই দিনমজুরির কাজ করতে হয়েছে আল আমিনকে।

ফল প্রকাশের পর ভুবনেশ্বর গ্রামে তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রতিবেশীরা ভিড় করছে তাকে ঘিরে।

পরীক্ষায় ভালো করায় অনেকেই চাইছেন মিষ্টি খেতে। কিন্তু দরিদ্র বাবা-মায়ের সাধ্য না থাকায় মলিন হয়ে যায় তাদের মুখ।

আল আমিনের বাবা খোকা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সহায়-সম্পদ বলতে বাড়িভিটার পাঁচ শতক জমি।

“আল আমিন বইপত্র কেনাসহ পড়ালেখার সব খরচ জোগাড় করেছে দিনমজুরি করে। আলু, ধান, সবজির ক্ষেতে নিড়ানিসহ নানা ধরনের কাজ করেছে।”

লোকজনের সাথে কথা বলার সময় ছেলেকে কোনো সহযোগিতা করতে না পারার কষ্ট ফুটে ওঠে বাবার চোখেমুখে।

আল আমিন বলেন, “বাড়িতে বিদ্যুৎ নেই। কেরোসিনের আলোয় লেখাপড়া করতে হয়। কেরোসিন ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যায় পড়াশোনা।

“প্রাইভেট পড়ার তো প্রশ্নই ওঠে না।”

ছেলের কথা শুনে মা লাভলী বেগমের চোখ ভিজে যায়। মনে পড়ে ছেলেকে নিয়ে তার সংগ্রামের কথা।

লাভলীও দিনমজুরি করেন। তার মজুরি পুরুষের অর্ধেক বলে দুঃখ প্রকাশ করেন।

“তাও সব সময় কাজ মেলে না। শাক আর ভর্তা ছাড়া ভালো খাবার দিতে পারি না ছেলের মুখে। একটা ভালো জামা নেই। কখনও মেটাতে পারিনি ছেলের কোনো আবদার।”

‘ছেলেটা অনেক সময় না খেয়ে স্কুলে যেত’ বলতে বলতে চোখ মোছেন লাভলী বেগম।

নিজের চেষ্টা, মা-বাবার উৎসাহ আর শিক্ষকদের সহায়তা ছাড়া এই ফল সম্ভব হত না বলে জানান আল-আমিন।

প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, “আল আমিন সত্যিই প্রতিভাবান। চরম দরিদ্রতার মধ্যেও সে চেষ্টা আর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে।”

প্রয়োজনীয় সহায়তা পেলে আল আমিন অনেক দূর যেতে পারবে বলে মনে করেন প্রধান শিক্ষক।

পুরনো খবর:

জিপিএ-৫ পেল বোমায় চোখ হারানো অনিক-হৃদয়