২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ পেল বোমায় চোখ হারানো অনিক-হৃদয়

ফেনীতে বোমার আঘাতে চোখ হারানো সেই অনিক ও হৃদয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 10:22 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, বিজ্ঞান বিভাগে অংশ নেওয়া মিনহাজ উদ্দিন অনিক ও শাহরিয়ার হৃদয় এক বছর পিছিয়ে পড়লেও অদম্য আগ্রহ আর একাগ্রচিত্তে পড়ালেখা করে জিপিএ-৫ পেয়েছে।

বুধবার ফল প্রকাশের পর দুই পরিবারে আনন্দ ছড়িয়ে পড়ে।

২০১৫ সালের ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের আন্দোলনের সময় বিকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় দুর্বৃত্তের বোমার আঘাতে দুই শিক্ষার্থীর ডান চোখ নষ্ট হয়ে যায়। পরে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ভারতে গিয়ে তিন দফা চিকিৎসা নেয় তারা।

অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “দীর্ঘদিন চিকিৎসা শেষে ডান পাশে একটি কৃত্রিম চোখ লাগানো হয়েছে।

“গত বছর পরীক্ষা দিতে না পারলেও এক চোখ দিয়ে পরীক্ষায় অংশ নিয়ে আজ এই ফল অর্জন করেছি। এখনও পুরোপুরি সুস্থ হইনি। চলতি মাসে চিকিৎসার জন্য আবার ভারত যেতে হবে।”

হৃদয় বলে, “চোখ হারানোর আগে যেভাবে পড়ালেখা করতে পরতাম, এখন আর সেভাবে পারি না। তবু ভালো ফল করতে পেরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।”

অনিকের মা জেসমিন আক্তার বলেন, ছেলের চিকিৎসা করাতে গিয়ে সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে।

এসএসসি পরীক্ষায় ভালো করলেও ছেলের চিকিৎসা আর পড়ালেখার খরচ নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন। তবে সন্তান বেঁচে থাকায় তিনি সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, “দুই মেধাবী শিক্ষার্থী অসুস্থ অবস্থায় পরীক্ষায় অংশ নিয়ে জিবিএ-৫ পেয়েছে। এটা প্রশংসনীয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা কিরি।”

একই সাথে তিনি হামলাকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দুই শিক্ষার্থীর উপর বোমা হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ফেনী মডেল থানায় মামলা হলে পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে স্থানীয় যুবদল নেতা আজিম ওরফে বোমা আজিম ও আজাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি বিচারাধীন।