এসএসসির ফল প্রত্যাশী খুন, চাচা আটক
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে এসএসসির ফল প্রত্যাশী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ঘটনার পর ওই চাচাকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের সুরভীপাড়ায় নিহত হয় ফাইয়াজ আহমদ (১৫)।
হামলায় ফাইয়াজের মা আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে ফাইয়াজ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, বুধবার তার ফল প্রকাশ হয়েছে।
“এ সময় ফাইয়াজের মাকে তার চাচা জাকারিয়া (৪০) গালাগাল দিলে ফাইয়াজের সঙ্গে কথাকাটাকাটি হয়।
“এক পর্যায়ে জাকারিয়া ছুরি দিয়ে ফাইয়াজ ও তার মাকে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তাদের শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাইয়াজকে মৃত ঘোষণা করেন।”
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন জাকারিয়াকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।
ফাইয়াজের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
