নবাবগঞ্জে নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন দিন পর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নৌকায় সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার আগলা ইউনিয়নের অস্থায়ী কেন্দ্র মোহনপুর নবনূর জামে মসজিদের পাশ থেকে এ ব্যালট উদ্ধার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান।
গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে বিএনপি প্রার্থী আবেদ হোসেন ৪০৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সুরুজ খান পান ৪০১১ ভোট।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থী সুরুজ খানের কাছ থেকে খবর পেয়ে মোহনপুর নবনূর জামে মসজিদ কেন্দ্রের পাশ থেকে নৌকা প্রতীকে সিল মারা সাতটি ব্যালট উদ্ধার করেছে পুলিশ।
“উদ্ধার ব্যালট পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। কিন্তু এখনও এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।”
অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এ প্রার্থী।
তিনি বলেন, “ফলাফল ঘোষণা করায় দেরি হওয়ায় আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আমি উপজেলা নির্বাচন অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগও করি। কিন্তু আমার অভিযোগ কর্ণপাত না করে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী আবেদ হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়।”
এদিকে নৌকায় সিল মারা ব্যালট উদ্ধারের খবরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আগলা ইউনিয়ন পরিষদের সামনে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বলে বলে জানান ওসি।
