২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি একজন চরমপন্থি সদস্য এবং সন্দেহভাজন ডাকাত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 10:03 AM

Updated : 20 Aug 2022, 12:40 PM

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুজ্জামান জানান, সোমবার রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগড়া সেতুর কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম (৩৭) উপজেলার সদরপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত এজাহার আলীর ছেলে।

আসাদুল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সদস্য বলেও দাবি করেছে পুলিশ।

এএসপি কামরুজ্জামান বলেন, “ডাকাতির প্রস্তুতি খবর পেয়ে পুলিশ সদস্যরা কালিগড়া ব্রিজের কাছে অবস্থান নেয়। এ সময় ডাকাতদল পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

“প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আসাদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে দুটি শাটার গান, দেশি ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এএসপি বলছেন, মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ও কনস্টেবল মকবুল হোসেনও এ ঘটনায় আহত হয়েছেন। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।