নরসিংদীতে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলায় নৌকায় ভোট দিতে রাজি না হওয়ায় টেটাবিদ্ধ করে হত্যার খবর পাওয়া গেছে।
হোসেন আলী (৬০) শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেটাবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪টার দিকে মারা যান বলে রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান।
স্থানীয়রা জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সমর্থক হোসেন আলী বিকাল সাড়ে ৩টার দিকে পাড়াতলি ইউনিয়নের মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান।
“এ সময় আওয়ামী লীগের লোকজন হোসেনকে নৌকায় ভোট দিতে বললে তিনি ক্ষিপ্ত হন। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে টেটাবিদ্ধ করে।”
ওসি আজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
“এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে হোসেন আলীর স্বজনরা প্রতিপক্ষের ১০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।”
অপরদিকে দুর্গম চর এলাকা রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ মোর্শেদ খান ও স্বতস্ত্র প্রার্থী আসাদুজ্জামান আযানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সুমন (৩৫), সোহাগ (৩০) ও এমদাদ (৩৮) গুরুতর আহত হলে তাদের সদর হাসপাতালে ভর্তি করার পর আশংকাজনক আবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান।
