অনন্ত হত্যা: জামিনের পর দুই আসামি ফের গ্রেপ্তার
বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জামিনে মুক্তিলাভের পর দুই আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজার থেকে মোহাইমিন নোমান ও রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ।
“উচ্চ আদালত থেকে জামিন পাবার পর তারা বৃহস্পতিবারই কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।”
সুহেল আহমদ জানান, তারা দুজন একটি বাস পোড়ানো মামলার আসামি। গ্রেপ্তারের পর
বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদের মধ্যে মোহাইমিন নোমানের ভাই মান্নান রাহী অনন্ত বিজয় হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
মোহাইমিন নোমানের ভাই মান্নান রাহী (ফাইল ছবি)
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেওয়া হচ্ছে মান্নান রাহীকে (ফাইল ছবি)
গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে জঙ্গি কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। এর তিন মাস না পেরোতেই ১২ মে সিলেটের সুবিদবাজারে নূরানি আবাসিক এলাকায় নিজের বাসার সামনে একইভাবে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে অনন্তর বড়ভাই রত্নেশ্বর দাশ সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডি-র অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেওয়া হয়।
এই হত্যাকাণ্ডের পর আনসার বাংলা-৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
