২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্ত হত্যা: আবুল খায়ের আরও ৭ দিনের রিমান্ডে

জঙ্গি সন্দেহে আটক আবুল খায়েরকে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও সাতদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 02:32 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

সিলেটের মহানগর হাকিম সাহেদুল করিম বুধবার এই আদেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা খায়েরকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়েছিলেন।

গত ২ সেপ্টেম্বর সিলেট সদর উপজেলার টুকেরবাজার থেকে গ্রেপ্তারের পর ওই দিনই আবুল খায়েরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে পায় সিআইডি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী বলেন, “প্রথম দফা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য না দেওয়ায় তাকে আবার হেফাজতে নেওয়া হয়েছে।”

গত ১২ মে সকালে সিলেটের সুবিদবাজার এলাকায় ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করা হয়। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লেখার পাশাপাশি যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।

এ হত্যা মামলায় এর আগে সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমানকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।

Image
সিলেটে ব্লগার অনন্ত হত্যায় গ্রেপ্তার আবুল খায়ের

সিলেটে ব্লগার অনন্ত হত্যায় গ্রেপ্তার আবুল খায়ের

এদের মধ্যে মান্নান রাহী ব্লগার অনন্ত হত্যায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া ঢাকায় লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলিম মিঠুকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই চারজনকে অনন্ত হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ১৬ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা।