২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর অপরাধস্থল পাবনা

ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর পরিকল্পনা ও সহায়তায় পাবনায় একাত্তরে হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ বহু মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 05:44 PM

Updated : 12 Apr 2022, 01:59 AM

সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি, ধুলাউরি ও বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের মানুষ এখনও সেই সময়ের লোমহর্ষক ঘটনাগুলো স্মরণ করে।

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর আবার স্মৃতিচারণ করেছেন সেই সময়ের ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন।   

আপিল বিভাগ বৃহস্পতিবার একাত্তরের বদরপ্রধান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছে।

২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে প্রাণদণ্ড দেয়। সুপ্রিম কোর্ট গত ১৫ মার্চ আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে, পরদিন তা পড়ে শোনানো হয় যুদ্ধাপরাধী নিজামীকে। 

গত ২৯ মার্চ আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন নিজামী। সেই রিভিউ আবেদনের ওপর মঙ্গলবার প্রায় আড়াই ঘণ্টা শুনানি করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল রায় প্রদানকারী বেঞ্চ।

রায় শোনার পরপরই পাবনার মানুষ উল্লাসে ফেটে পড়ে। বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ হয়।

নিজামীর বিরুদ্ধে মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সামা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭১ সালের  ১০ মে সাঁথিয়ার বাউশগাড়ি গ্রামের রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শান্তি কমিটি ও রাজাকারদের একটি সভা হয়। সভায় নিজামীর উপস্থিতিতে পরিকল্পনা গ্রহণ করা হয়।

“সেই পরিকল্পনা অনুসারে ১৪ মে পাশের ২ গ্রামের প্রায় আটশ জনকে পাকিস্তানি সেনারা হত্যা করে। এছাড়া ওই গ্রামের প্রায় অর্ধশতাধিক নারীকে ধর্ষণ করে।”

আবু সামা বলেন, ৪ জুন পাবনা জেলা স্কুলের শিক্ষক মাওলানা কসিম উদ্দিনকে ধরে নিয়ে নিজামীর উপস্থিতিতে নূরপুরস্থ আর্মি ক্যাম্পে নির্মম নির্যাতন করা হয়। পরে ১০ জুন তাকে হত্যার পর শহরের ইছামতি নদীর পাড়ে লাশ ফেলে রাখা হয়।

মামলার আরেক সাক্ষী জামাল উদ্দিন বলেন, মতিউর রহমান নিজামীর প্রত্যক্ষ সহযোগিতায় ১৭ নভেম্বর সাঁথিয়ার ধুলাউরি গ্রামে ৩০ জনকে হত্যা করা হয়।

“তার মৃত্যুদণ্ডে শুধু আমরা না পুরো দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সত্যিই জাতি তথা পাবনার সর্বস্তরের লোকজন আজ মুক্তি পেল।”

সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফকে ফোন করা হলে তিনি উত্তেজিত স্বরে বলেন, ইতিপূর্বে এসব নিয়ে বহু কথা বলেছি, আর নয়। এখন আর কিছুই বলতে পারব না। আমাদের বলার কারণেই আজ এই রায় হয়েছে।

মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, নিজামীর অপকর্ম নিয়ে বলে শেষ করা সম্ভব নয়। তার নেতৃত্বে ৩ ডিসেম্বর বেড়া উপজেলার হিন্দু অধ্যুষিত বৃশালিখা গ্রামে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়।

শহীদনগর ডাব বাগানেও তার মদদে পাক সেনার হামলা চালায়। সেখানে কয়েকশ মুক্তিকামী মানুষকে হত্যা করা হয়।

“আজও নিজামীর সেই কুকর্মের কথা বলতে গেলে আমার শরীরের লোম শিউরে ওঠে,” বলেন এই মুক্তিযোদ্ধা।

ধূলাউরি গ্রামের আব্দুর রউফ মন্টু বলেন, “আমার বাবা আবুল কাশেম ফকিরকে হত্যায় সরাসরি জড়িত ছিল নিজামী। আমরা তখন ছোট। মাকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করতে হয়েছে। বাবা না থাকায় আমরা ঠিকমতো লেখাপড়াও করতে পারিনি।  

“আমার বাবার হত্যাকারী নিজামীর এই রায় শুনে আমি সত্যিই খুশি হয়েছি। তবে মনে পড়ছে কষ্টের সময়গুলোর কথা। আমার মা এই খবর শুনলে খুবই খুশি হতেন।”

স্বাধীনতার পর অনেক বছর পেরিয়ে গেলেও তাদের কথা কেউ মনে রাখেনি। তারা বাবাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি বলে তিনি হতাশা ব্যক্ত করেন।

একই গ্রামের লিয়াকত আলী বলেন, “আমার বাবাকেও হত্যা করে এই কুখ্যাত রাজাকার নিজামী। আজকের এই দিনে সত্যিই খুব খুশি লাগছে। আরও খুশি হব যেদিন এই রায় কার্যকর করা হবে।”

ধূলাউরি গ্রামের এক শহীদের মা বৃদ্ধা শাহেদা খাতুন বলেন, “আমার বাড়িতে ছেলের সাথে মুক্তিযোদ্ধারা থাকতেন, একদিন ভোর ৪টার দিকে আর্মিরা এসে গুলি করে হত্যা করে ৫/৬ জনকে। তার মধ্যে আমার ছেলেও ছিল।

“আজও আমার সেই দিনের কথা মনে হলে খুবই কষ্ট লাগে। এখন আমাদের কেউ খোঁজ নেয় না।”