হিসাবে ‘গরমিল’, রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক বরখাস্ত
নোয়াখালীতে রূপালী ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে হিসাবে গরমিলের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া শাখায় দায়িত্ব পালনের সময় ‘অনিয়ম’ করেছেন বলে ব্যাংকটির জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. শাহেদুর রহমান জানান।
উপ-মহাব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলায়েত হোসেন ২০১২ সালেল ২১ অক্টোবর থেকে গত ২৪ এপ্রিল পর্যন্ত আমিশাপাড়া শাখায় ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন।
“সম্প্রতি তাকে জোনাল অফিসে বদলি করার পর ওই শাখায় গ্রাহকের হিসাবে গরমিলের বিষয়টি ধরা পড়ে।”
এদিকে বেলায়েত হোসেন গত ২৫ এপ্রিল নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও ৪ মে পর্যন্ত যোগ না দেওয়ায় মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে উপ-মহাব্যবস্থাপক জানান।
এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানান উপ-মহাব্যবস্থাপক।
বরখাস্ত ব্যবস্থাপক বেলায়েত হোসেন সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের আবদুর রবের ছেলে।
