ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানের নামে মামলা, চিঠি
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নামে মামলা করেছে পুলিশ।
নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও প্রাণনাশের হুমকির অভিযোগে এসআই আবদুল আউয়াল মঙ্গলবার মামলা করেন বলে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সাংবাদিকদের জানান।
এদিকে জেলা প্রশাসক মো. আমিন-উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সোহেলকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে।
চিঠির নির্দেশনা উপেক্ষা করলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
